
নিজস্ব প্রতিবেদক । চেতনা একুশ
পঞ্চগড়ের বোদা উপজেলায় টাঙ্গন নদীর ওপর নির্মিত ধরধরা সেতুর উদ্বোধন করতে গিয়ে সংযোগ সড়কের বেহাল অবস্থা ও নির্মাণকাজের মান নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (১৬ মে) দুপুরে বোদা উপজেলার কালিয়াগঞ্জ-মীর্জাপুর সড়কে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত ধরধরা সেতু ও এর দুই পাশের সংযোগ সড়কের উদ্বোধন করেন তিনি। পরে সেতু ও সড়ক পরিদর্শন শেষে ধরধরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে কাজের মান নিয়ে তীব্র অসন্তোষ জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “আমার জীবনে এমন বিব্রতকর পরিস্থিতিতে কখনও পড়িনি। ব্রিজ নির্মাণ হয়েছে, অথচ মানুষের চলাচলের উপযোগী রাস্তা নেই। সাড়ে পাঁচ কোটি টাকার প্রকল্পে এত নিম্নমানের কাজ কীভাবে হয়েছে, তা আমার বোধগম্য নয়।”
সেতু ও সড়কের প্রস্থের অসামঞ্জস্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রতিমন্ত্রীর ভাষ্য, “ব্রিজের প্রস্থ ১৮ ফুট, অথচ সংযোগ সড়ক করা হয়েছে মাত্র ১২ ফুট। বাস্তবে হওয়া উচিত ছিল উল্টোটা—ব্রিজ ১২ ফুট আর রাস্তা ১৮ ফুট। আগে এ অবস্থা জানলে আমি উদ্বোধনে আসতাম না।”তিনি আরও বলেন, এ প্রকল্পের কাজ নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। কোনো ঠিকাদার বা সংশ্লিষ্ট প্রকৌশলী অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা এবং স্থানীয় বিএনপি নেতারা।
এর আগে সকালে প্রতিমন্ত্রী বোদা উপজেলা পরিষদের প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন। পাশাপাশি সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে এক বান্ডেল করে ঢেউটিন ও তিন হাজার টাকা করে নগদ সহায়তা বিতরণ করেন।


