
নিজস্ব প্রতিবেদক । চেতনা একুশ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মাধ্যমে দেশের প্রতিটি গ্রামকে আর্থ-সামাজিক উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ বিনির্মাণে বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের নিষ্ঠা ও সাহস দেশের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।
মঙ্গলবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, দেশের যেকোনো সংকট ও প্রয়োজনের সময়ে আনসার-ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা প্রশংসনীয় দায়িত্ব পালন করেছেন।
প্রধানমন্ত্রী বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং তৃণমূলের আনসার-ভিডিপি সদস্যদের অভিনন্দন জানান। একইসঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বাহিনীর ৬৭০ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বলেন, দীর্ঘ সময়ের কর্তৃত্ববাদী শাসনের পর বাংলাদেশ এখন গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করে একটি আধুনিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সেই বিখ্যাত আহ্বান— “আমাদের হাত কোটি হাতিয়ার, অঙ্গীকার আমাদের দেশ গড়বার।” তিনি বলেন, সেই দর্শনকে ধারণ করেই আনসার-ভিডিপি আজ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা, সামাজিক উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমে কার্যকর অবদান রেখে চলেছে।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, খাল খনন, দুর্যোগ মোকাবিলা, খাদ্য নিরাপত্তা ও পুনর্বাসনের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে আনসার-ভিডিপির বিস্তৃত নেটওয়ার্ককে আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব। একইসঙ্গে শিল্প-কারখানা, হাসপাতাল, ব্যাংকসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীভূত আনসার সদস্যরা নিরলস দায়িত্ব পালন করছেন।
যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভর জনশক্তিতে পরিণত করার ক্ষেত্রেও বাহিনীর উদ্যোগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও কর্মসংস্থানমুখী কার্যক্রমের মাধ্যমে আনসার-ভিডিপি দেশের তরুণদের উৎপাদনশীল শক্তিতে রূপান্তর করতে সহায়ক ভূমিকা রাখছে। ভবিষ্যতে একটি স্বনির্ভর ও উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে বাহিনীটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


