Skip to main content

Chetona Ekush

, ,

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মর্মান্তিক মৃত্যু: ভেন্টিলেশনহীন কক্ষে এসি বন্ধের মাসুল দিল ৬ নিষ্পাপ শিশু:

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চরম অবহেলা ও অব্যবস্থাপনার বলি হলো ৬টি সদ্যোজাত শিশু। হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে এসি বন্ধ রাখার জেরে তীব্র শ্বাসকষ্ট ও সাফোকেশনে আক্রান্ত হয়ে মাত্র এক থেকে দুই দিন বয়সী এই শিশুদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) ভোররাত থেকে সকালের মধ্যে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। ঘটনার সুষ্ঠু তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যেই তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।

ডিএমপি রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালের ওই পোস্ট অপারেটিভ রুমে মোট ১১ জন প্রসূতি মা ও ৬টি নবজাতক চিকিৎসাধীন ছিল। রাত ২টা থেকে ৩টার দিকে একজন মা তীব্র শীত অনুভব করায় কর্তব্যরতদের এসি বন্ধ করতে বলেন। এরপর প্রায় এক ঘণ্টার জন্য কক্ষটির এসি বন্ধ রাখা হয়। সম্পূর্ণ ভেন্টিলেশনহীন ওই কক্ষে এসি বন্ধ করার পরপরই বাতাস চলাচলের পথ রুদ্ধ হয়ে যায় এবং চিকিৎসাধীন শিশুদের তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। ভোর ৬টার দিকে শিশুগুলোর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং একে একে ৬টি শিশুই মৃত্যুর কোলে ঢলে পড়ে।

হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক দাবি, কক্ষটিতে বিকল্প কোনো বায়ু চলাচলের ব্যবস্থা (ভেন্টিলেশন) না থাকায়, এসি বন্ধ করার কারণে সৃষ্ট অক্সিজেন সংকট ও সাফোকেশনের ফলেই নবজাতকদের মৃত্যু হয়ে থাকতে পারে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের তদন্ত দল ও ক্রাইমসিন ইউনিট। সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও অপরাধ বিশেষজ্ঞরা মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে কাজ করছেন।”

এদিকে, একসঙ্গে এতগুলো শিশুর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। পরিস্থিতি সামাল দিতে ও ঘটনার আসল কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দুপুরে মগবাজার আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস আনুষ্ঠানিকভাবে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেন, “হাসপাতালে এতগুলো নিষ্পাপ শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং স্পর্শকাতর। চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা, গাফিলতি বা পরিকাঠামোগত ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল অনুবিভাগের যুগ্ম সচিবকে প্রধান করে এই উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনার সার্বিক সত্যতা ও দায়বদ্ধতা দ্রুত নিরূপণের জন্য কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে যদি হাসপাতালের কোনো কর্মকর্তা, নার্স বা চিকিৎসকের অবহেলা প্রমাণিত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জরুরি এই সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অবুঝ শিশুদের এমন অকাল মৃত্যুতে হাসপাতাল চত্বরে এখন স্বজনদের আহাজারি আর ভারী বাতাস। তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।

প্রতিবেদক : নাসরিন বেগম

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ