
মুসলিম জাহানের দ্বারে সমাগত ত্যাগের এক মহোৎসব—পবিত্র ঈদুল আজহা। আজ বৃহস্পতিবার বাংলাদেশে মহা সাড়ম্বরে পালিত হচ্ছে এই ঈদ উৎসব। ‘ঈদ’ শব্দের অর্থ আনন্দ আর ‘আজহা’ অর্থ ত্যাগ বা উৎসর্গ করা। ফলে ঈদুল আজহার মূল অর্থই হলো ত্যাগ বা উৎসর্গের আনন্দ। এই ঈদের মূল অনুষঙ্গ হলো মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করা। আর এই মর্যাদাপূর্ণ ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অপার নৈকট্য ও আত্মিক আনন্দ লাভ করা যায় বলেই একে ঈদুল আজহা বলা হয়।
মানব ইতিহাসের সূচনা লগ্ন থেকেই কোরবানির বিধান চলে আসছে। আদি পিতা হজরত আদম (আ.)-এর দুই পুত্র কাবিল ও হাবিলের দেওয়া কোরবানি থেকেই এর গোড়াপত্তন। এর পর থেকে বিগত সকল উম্মতের ওপরই এই নিয়ম জারি ছিল। তবে বর্তমানে আমরা যে নিয়মে কোরবানি করি, তা মূলত হজরত ইবরাহিম (আ.) কর্তৃক প্রিয় শিশুপুত্র হজরত ইসমাইল (আ.)-কে আল্লাহর রাহে কোরবানি দেওয়ার ঐতিহাসিক ও মহান ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত। মক্কা নগরীর জনমানবহীন ‘মিনা’ প্রান্তরে আল্লাহর এই দুই মহান বান্দা সম্পূর্ণ নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে ত্যাগের যে অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তারই ধারাবাহিক স্মৃতিচারণ হলো এই ‘ঈদুল আজহা’।
কোরবানির মূল লক্ষ্যই হলো ‘তাকওয়া’ বা খোদাভীতি অর্জন করা। যেকোনো ধরনের ভোগসর্বস্ব মানসিকতা, লোক দেখানো লৌকিকতা কিংবা সামাজিক প্রতিষ্ঠার মোহ সম্পূর্ণ পরিত্যাগ করে, কেবল সৃষ্টিকর্তার উদ্দেশ্যে উৎসর্গীকৃত মন নিয়ে আমাদের এই উৎসবে শামিল হতে হবে।
ইসলামের প্রতিটি বিধান—সালাত, সিয়াম, হজ বা জাকাত—যেমন আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার শিক্ষা দেয়, কোরবানিও তার ব্যতিক্রম নয়। কোরবানির পশুর মাংসের একটি বড় অংশ সমাজের দুস্থ, অসহায় ও অভাবগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করার যে বিধান রয়েছে, তা সুচারুভাবে পালন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। এই ত্যাগের উৎসব আমাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও দৃঢ় করুক—এটাই হোক আমাদের প্রার্থনা।
প্রতিবেদক : নাসরিন বেগম, সহ-সম্পাদক, চেতনা একুশ


