
নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ:
রাজধানী ঢাকার কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরজমিনে পরিদর্শনে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য অপসারণ প্রক্রিয়া কতটা সুচারুভাবে সম্পন্ন হচ্ছে, তা সরাসরি প্রত্যক্ষ করতে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন।
উপ-প্রেস সচিবের দেওয়া তথ্যমতে, গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে নিজে গাড়ি ড্রাইভ করে বের হন প্রধানমন্ত্রী। এরপর তাঁর গাড়িটি গুলশান-১ নম্বর মোড়, হাতিরঝিল, রামপুরা রোড এবং মালিবাগের আবুল হোটেল হয়ে তালতলা মার্কেট দিয়ে বাসাবোর দিকে এগিয়ে যায়।
সড়ক পরিদর্শনের এই তালিকায় আরও রয়েছে কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক ও নারিন্দা। সেখান থেকে রায়সাহেব বাজার মোড়, আদালত সড়ক, নয়া বাজার ও বংশাল রোড হয়ে গাড়িটি গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভেতর দিয়ে নিউ মার্কেট যাবে। পরবর্তীতে সায়েন্স ল্যাবরেটরি থেকে ডান দিকে ঘুরে কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজের সামনে ও সীমান্ত স্কয়ার হয়ে জিগাতলা বাসস্ট্যান্ড পৌঁছাবে। সেখান থেকে ধানমন্ডি সাত মসজিদ রোড ও ২৭ নম্বর সড়ক দিয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে পান্থপথ, ফার্মগেট এবং বিজয় সরণি হয়ে মহাখালী সড়কের সার্বিক পরিস্থিতিও প্রধানমন্ত্রীর নিজে পর্যবেক্ষণ করার কথা রয়েছে।
বিশেষভাবে উল্লেখ্য, সাধারণ নিয়মের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শনের সময় বিভিন্ন সড়কের ট্রাফিক সিগন্যাল মেনে নিজে গাড়ি থামিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা নগরবাসীর নজর কেড়েছে। না স,,


