
মশক নিয়ন্ত্রণের আধুনিক ও উদ্ভাবনী পদ্ধতি দেখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি কর্মকর্তাদের এমন বিদেশ সফরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, মশক নিধন শেখার জন্য এত টাকা খরচ করে বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই; বরং দেশের পরিবেশ ও বাস্তব পরিস্থিতি বুঝলেই এর কার্যকর সমাধান সম্ভব।
চেতনা একুশের অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এবং কর্পোরেশনের আরও পাঁচ কর্মকর্তার একটি প্রতিনিধি দলের জন্য ফ্লোরিডা সফরের এই প্রস্তাবটি তৈরি করা হয়েছিল। বিদেশি প্রতিষ্ঠান ‘ভ্যালেন্ট বায়োসাইন্সেস এলএলসি’–এর অর্থায়নে এই সফরের অনুমোদন চেয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।
প্রস্তাবিত এই সফরের মূল উদ্দেশ্য ছিল ফ্লোরিডার মশক নিয়ন্ত্রণ ও নিধনের বিভিন্ন আধুনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা। তবে ফাইলটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাতে দ্বিমত পোষণ করেন এবং একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য লিখে ফাইলটি ফেরত পাঠান।
প্রধানমন্ত্রী তাঁর মন্তব্যে উল্লেখ করেন:
“মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার কোনো দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”
প্রধানমন্ত্রীর এই কঠোর অথচ বাস্তবমুখী মন্তব্যটি প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রশাসনের উচ্চমহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সচেতন মহল প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন। অনেকেই মনে করছেন, অহেতুক বিদেশ সফরের সংস্কৃতি বন্ধ করতে এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে এটি একটি জোরালো ও ইতিবাচক বার্তা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফাইলটি ফেরত আসার পর এখন স্থানীয় সরকার বিভাগ পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করছে বলে জানা গেছে।
প্রতিবেদক : নাসরিন বেগম


