
বিশেষ প্রতিনিধি , চেতনা একুশ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাজেট কেবল রাষ্ট্রের আয়-ব্যয়ের হিসাব নয়; এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন অগ্রাধিকার এবং দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনার প্রতিফলন।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, সংসদ সদস্যদের জন্য বাজেট সংক্রান্ত গবেষণাভিত্তিক তথ্য ও উপাত্ত সরবরাহের মাধ্যমে বাজেট হেল্প ডেস্ক সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর ও তথ্যসমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকারের প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের প্রবর্তিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থা দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল। বাজেট দেশের প্রতিটি মানুষের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পর্কিত এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নেই সংসদীয় কার্যক্রম পরিচালিত হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, দেশের ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংসদ সদস্যদের জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) কারিগরি সহযোগিতায় সংসদের বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিটের তত্ত্বাবধানে পরিচালিত বাজেট হেল্প ডেস্ক সংসদীয় কার্যক্রমের গুণগত মানোন্নয়নে কাজ করে যাবে।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিফ হুইপ ডা. মো. নূরুল ইসলাম মণি, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার এবং অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার।


