
চেতনা একুশ ডেস্ক
ভারত সফরে গিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। রোববার ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে আটকে রেখে অতিরিক্ত যাচাই-বাছাই করে। পরে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, একটি সরকারি বৈঠকে অংশ নিতে প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভারতে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় ডা. জাহেদ উর রহমানের নাম নিরাপত্তা-সংশ্লিষ্ট একটি ‘ওয়াচলিস্টে’ শনাক্ত হয়। এর পরপরই তাকে অতিরিক্ত যাচাইয়ের জন্য আলাদা রাখা হয়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, ঘটনাটি মূলত প্রশাসনিক জটিলতা এবং তথ্য হালনাগাদে বিলম্বের ফল। জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম-সংশ্লিষ্ট একটি কালোতালিকা থেকে তার নাম আগেই অপসারণ করা হয়েছিল। তবে সেই পরিবর্তিত তথ্য অভিবাসন বিভাগের নজরদারি তালিকায় সময়মতো প্রতিফলিত না হওয়ায় তার নাম সেখানে সক্রিয় অবস্থায় থেকে যায়।
এর ফলে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর স্বয়ংক্রিয় নিরাপত্তা সতর্কবার্তা জারি হয় এবং তাকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ভারতীয় কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দেয়।
তবে ইমিগ্রেশন প্রক্রিয়ায় এমন অভিজ্ঞতার কারণে ডা. জাহেদ উর রহমান সফর অব্যাহত না রেখে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে এখন পর্যন্ত ভারত কিংবা বাংলাদেশের সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এছাড়া তার নাম কী কারণে ওই ওয়াচলিস্টে অন্তর্ভুক্ত হয়েছিল এবং কেন তা দীর্ঘদিন ধরে অভিবাসন বিভাগের নথিতে সক্রিয় ছিল, সে বিষয়েও স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।


