Skip to main content

Chetona Ekush

, ,

ইসলামী ব্যাংকের বোর্ড বাতিল, প্রশাসনিক দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সব সদস্যের নিয়োগ বাতিল করা হয়েছে।

একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকের পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও নীতিনির্ধারণী কার্যক্রম তার তত্ত্বাবধানেই পরিচালিত হবে। সংশ্লিষ্ট মহলের মতে, ব্যাংকটির সুশাসন, স্থিতিশীলতা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষার লক্ষ্যে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্টার : নাসরিন বেগম

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ