
নিজস্ব প্রতিনিধি, চেতনা একুশ
দেশের প্রাথমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সবচেয়ে বড় ক্রীড়া আসর ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ উপভোগ করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বিকেলে আর্মি স্টেডিয়ামে পৌঁছে প্রধানমন্ত্রী খুদে শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি গ্যালারিতে বসে বালিকা বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচ উপভোগ করেন।
এবারের টুর্নামেন্টে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই শেষে চারটি বিদ্যালয় ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। বালিকা বিভাগের ফাইনালে মুখোমুখি হয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর আগমনের আগে অনুষ্ঠিত বালক বিভাগের ফাইনালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয় দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এর আগে গত বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, গত ৬ এপ্রিল শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ লাখের বেশি ছাত্র এবং ১১ লাখের বেশি ছাত্রী অংশগ্রহণ করেছে।
তিনি আরও বলেন, গ্রাম পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় ধাপ অতিক্রম করে সেরা দলগুলো জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা বিকাশের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে। আগামী আসরে অন্তত ৫০ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।


