Skip to main content

Chetona Ekush

, ,

এমপিপুত্রকে জিজ্ঞাসাবাদের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম সজীবকে পুলিশ হেফাজতে নেওয়া এবং পরে মুচলেকার ভিত্তিতে ছেড়ে দেওয়ার ঘটনাকে ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যে এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে পুলিশের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের স্বার্থে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল।

তিনি বলেন, কোনো সংসদ সদস্যের সন্তান হওয়া মানেই বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ নেই। আইনের দৃষ্টিতে সবাই সমান। অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা বিবেচনা করেই তাকে হেফাজতে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজন মনে করায় তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পরিস্থিতির অবনতি হয়নি; বরং আগের তুলনায় পরিস্থিতি উন্নত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার সবসময় সতর্ক ও সক্রিয় রয়েছে।

বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, সভা-সমাবেশ করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই গণতান্ত্রিক চর্চা আরও বিকশিত হয়।

সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে মন্ত্রী জানান, প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা হয়ে থাকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে সেনা মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগে একটি চিঠি পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ