Skip to main content

Chetona Ekush

, ,

৬ মাসের মধ্যেই চালু হচ্ছে কাঁচপুর বাস টার্মিনাল, কমবে রাজধানীর যানজট


নিজস্ব প্রতিনিধি, চেতনা একুশ

রাজধানীর যানজট কমানো এবং যাত্রীসেবা আরও উন্নত করতে আগামী ছয় মাসের মধ্যেই নারায়ণগঞ্জের কাঁচপুর বাস টার্মিনালের নির্মাণকাজ সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ।

বুধবার (২৪ জুন) বিকেলে সোনারগাঁও উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী জানান, ঢাকাকে যানজটমুক্ত রাখতে সরকারের সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনালের ওপর চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে টার্মিনাল দুটির কিছু কার্যক্রম কেরানীগঞ্জ ও কাঁচপুরে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। আগামী ছয় মাসের মধ্যেই কাঁচপুর বাস টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু করে যাত্রীদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিগত সরকারের সমালোচনা করে হাবিবুর রশীদ বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে রাজধানীর চারটি বাস টার্মিনালকে ডিপো হিসেবে ব্যবহারের কারণে সাধারণ মানুষকে দীর্ঘদিন যানজটের দুর্ভোগ সহ্য করতে হয়েছে। বর্তমান সরকার রাজধানী ও আশপাশের এলাকার যানবাহন চলাচল স্বাভাবিক করতে যেসব পদক্ষেপ নিয়েছে, তার অগ্রগতি পর্যালোচনার অংশ হিসেবেই এই প্রকল্প পরিদর্শন করা হয়েছে।

সড়ক যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের চলমান উন্নয়নকাজের প্রায় ৪৮ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর কাজ দ্রুত শেষ করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।

এ সময় তিনি আরও জানান, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। পর্যায়ক্রমে বিভিন্ন সিগন্যাল পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ