Skip to main content

Chetona Ekush

, ,

দিল্লি বিমানবন্দরে জাহেদ উর রহমানকে বাধা:‌ ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা, চেতনা একুশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলে অভিহিত করেছে বাংলাদেশ। একই সঙ্গে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যাকে ‘সন্তোষজনক নয়’ বলেও মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ঘটনাটির বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়।

তিনি জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই অবহিত করা হয়েছিল যে জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোট (আইওআরএ)-এর বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “এ বিষয়ে পূর্বেই অবহিত করার পরও দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।”

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে আইওআরএর একটি বৈঠকে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের। তবে দিল্লি বিমানবন্দরে তাকে যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়া হয়।

এদিকে, বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রতিটি রাষ্ট্রেরই নিজ নিজ ভূখণ্ডে বসবাসরত সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার সমান দায়িত্ব রয়েছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ক্ষেত্রে।

তিনি আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সব নাগরিকের অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ