Skip to main content

Chetona Ekush

, ,

টাকা ধার না পেয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গৃহবধূকে হত্যা করলেন মুয়াজ্জিন

হত্যা মামলায় গ্রেপ্তার মুয়াজ্জিন মোশারফ হোসেন। ছবি: সংগৃহীত

চেতনা একুশ ডেস্ক:

টাকা ধার চেয়ে ব্যর্থ হয়ে ক্ষোভের বশবর্তী হয়ে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছেন মসজিদের মুয়াজ্জিন। শুধু হত্যাই নয়, ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে নিখুঁতভাবে আলামত ধ্বংসের চেষ্টাও করেন তিনি। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটেছে টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায়। নিহত নারীর নাম নাজমা আলম (৫১), তিনি পেশায় ভেটেরিনারি চিকিৎসক শফিউল আলমের স্ত্রী। আর এই নৃশংস হত্যাকাণ্ডের মূল হোতা মো. মোশারফ হোসেন (৪২), যিনি স্থানীয় বিশ্বাস বেতকা চার রাস্তা মোড় মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্বরত ছিলেন।


হত্যাকাণ্ডের পর চরম ধূর্ততার আশ্রয় নেন মুয়াজ্জিন মোশারফ। ঘটনার জানাজানি হলে প্রতিবেশীদের সঙ্গে তিনিও ঘটনাস্থলে ছুটে যান এবং গভীর শোক ও উৎকণ্ঠা প্রকাশ করেন। এমনকি গণমাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সাক্ষাৎকারও দেন। তবে অপরাধ করে শেষ রক্ষা হয়নি। ঘটনার মাত্র ১৬ ঘণ্টার মাথায় পুলিশি তদন্ত ও তথ্যপ্রযুক্তির সুনিপুণ ব্যবহারে বেরিয়ে আসে এই ছদ্মবেশী খুনির আসল চেহারা।


মঙ্গলবার টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খানের আদালতে হাজির করা হলে মুয়াজ্জিন মোশারফ হোসেন নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে রাত আটটায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


তদন্ত ও মামলা সূত্রে জানা যায়, গত রোববার সকাল ৯টার দিকে শফিউল আলম পেশাগত কাজে বাইরে গেলে তার স্ত্রী নাজমা আলম বাসায় একাই ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে গৃহকর্মী এসে বাসার মূল দরজা সামান্য চাপানো দেখতে পান। ভেতরে প্রবেশ করতেই সোফার ওপর হাত বাঁধা ও রক্তাক্ত অবস্থায় নাজমা আলমকে অচেতন পড়ে থাকতে দেখে শফিউল আলমকে খবর দেওয়া হয়। পরে জানা যায়, আলমারি থেকে নগদ টাকা, হাত ও গলার স্বর্ণালংকার লুট করা হয়েছে এবং হত্যাকাণ্ডের প্রমাণ মুছতে সিসিটিভির ডিভিআর মেশিনটি চুরি করে মনিটরটি ভেঙে ফেলা হয়েছে।


পরবর্তীতে শফিউল আলম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করলে অনুসন্ধানে নামে পুলিশ। স্থানীয় তথ্য এবং প্রযুক্তির সহায়তায় মুয়াজ্জিন মোশারফকে সোমবার আটক করা হয়। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে একপর্যায়ে তিনি নিজের অপরাধের কথা অকপটে স্বীকার করেন।


মোশারফ জানান, রোববার সকালে তিনি নাজমা আলমের কাছে কিছু টাকা ধার চাইতে গিয়েছিলেন। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তার গহনার ওপর মোশারফের লোভ লালসা চাঙ্গা হয়ে ওঠে। সেখানে বসে চা পানের পর হাত ধোয়ার উসিলায় বেসিন থেকে একটি হাতুড়ি এনে নাজমা আলমের মাথায় সজোরে আঘাত করেন। তিনি জ্ঞান হারিয়ে ফেললে দুটি স্বর্ণের বালা, লকেটসহ চেইন এবং নগদ ৩০ হাজার টাকা লুটে নেন। পরে ভুক্তভোগী নারী গোঙাতে শুরু করলে গামছা ও রশি দিয়ে তার হাত ও গলা পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করেন।


আলামত ধ্বংসের জন্য সিসিটিভি ডিভিআর মেশিনটি একটি নালায় ফেলে দিয়ে মসজিদে নিজের কক্ষে গিয়ে রক্তভেজা পোশাক ধুয়ে ফেলেন মোশারফ। এরপর সবার চোখ ফাঁকি দিতে প্রতিবেশীদের ভিড়ে মিশে গিয়ে বিচার চেয়ে নাটক শুরু করেন।


পুলিশ এই হত্যাকাণ্ডের সূত্র ধরে লুণ্ঠিত স্বর্ণালংকার কেনার অপরাধে শহরের থানাপাড়া এলাকা থেকে সন্তোষ কর্মকার নামের এক জুয়েলারি ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে এবং তার কাছ থেকে গহনাগুলো উদ্ধার করা হয়েছে। এছাড়াও মসজিদের মুয়াজ্জিনের শয্যা থেকে লুণ্ঠিত টাকার ২৬ হাজার ৩২০ টাকা এবং রক্তমাখা পোশাক জব্দ করা হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ