Skip to main content

Chetona Ekush

, ,

সরকারি ক্রয়ে গতি আনতে পুনর্গঠিত কমিটির সভাপতিত্বে আইনমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, চেতনা একুশ

সরকারি ক্রয় কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও ফলপ্রসূ করতে একটি পুনর্গঠিত কমিটি গঠন করেছে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে।

পুনর্গঠিত কমিটির সভাপতি করা হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানকে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণে কাজ করবে। পাশাপাশি, পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫-এর আওতায় থাকা বিধানগুলো পর্যালোচনা করে সেগুলো আরও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে।

এ ছাড়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি থেকে অর্পিত অন্যান্য দায়িত্বও পালন করবে এই কমিটি।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহমেদ।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ