Skip to main content

Chetona Ekush

, ,

মায়ের শ্লীলতাহানির প্রতিশোধ নিতে ভাড়াটিয়াকে খুন করে ৪ পুত্র

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহ নগরের একটি ভাড়া বাসায় যুবক রাজিব আহম্মেদ রুবেল (৪০) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির ভাষ্য, বাড়িওয়ালাকে মারধর ও শ্লীলতাহানির ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে তার চার ছেলে পরিকল্পিতভাবে রুবেলকে হত্যা করেন। এ ঘটনায় চার ভাইকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন রহমত (৩০), জনি (২৮), রকি (২৬) ও ইমরাজ (১৮)।

সোমবার (৭ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, প্রায় এক মাস আগে রুবেল ওই বাসার একটি কক্ষ ভাড়া নেন। তার চলাফেরা ও কর্মকাণ্ড নিয়ে বাড়ির মালিক পারুলের আপত্তি ছিল। অভিযোগ রয়েছে, তিনি বাসায় বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আড্ডা দিতেন এবং সেখানে মাদক সেবন করতেন। এ কারণে তাকে পরবর্তী মাস থেকে বাসা ছেড়ে দিতে বলা হয়। তবে তিনি তা মানতে অস্বীকৃতি জানান।

পিবিআই জানায়, ঘটনার দিন সকালে রুবেল বাড়িওয়ালা ও তার ছেলের কক্ষের দরজায় লাথি মেরে তাদের ঘুম থেকে তোলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তিনি বাড়ির মালিককে মারধর করেন এবং তার শ্লীলতাহানির অভিযোগ ওঠে।

এ ঘটনার পর ক্ষুব্ধ চার ভাই পরিকল্পনা করে একটি চায়নিজ কুড়াল দিয়ে রুবেলের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তারা পালিয়ে যান।

পরে নিহতের বাবা বাদী হয়ে বাড়ির মালিক, তার তিন ছেলেসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও তিন থেকে চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার চার ভাই মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও শ্লীলতাহানির ঘটনার প্রতিশোধ নিতেই হত্যাকাণ্ড ঘটানোর কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য, সোমবার সকালে ময়মনসিংহ নগরের ছত্রিশবাড়ি কলোনি এলাকার একটি ভাড়াবাসা থেকে রাজিব আহম্মেদ রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তিনি নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ