Skip to main content

Chetona Ekush

, ,

শেয়ারবাজার ধসে দায়ীদের আইনের আওতায় আনা হবে, চলছে আরও অনুসন্ধান- প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শেয়ারবাজারে কারসাজি ও ধারাবাহিক ধসের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অতীতের শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে আরও ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত রয়েছে কি না, তা উদ্ঘাটনে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারীর এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, শেয়ারবাজার কেলেঙ্কারির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে অনুসন্ধান পরিচালনা করেছে। এতে কয়েকজনকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে আরও ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, অতীতের শেয়ারবাজার ধসের পেছনে বাজার কারসাজি, কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো-কমানো, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), বন্ড ও অন্যান্য ইস্যুতে অনিয়ম, নিয়ন্ত্রক সংস্থার দুর্বল তদারকি, করপোরেট সুশাসনের ঘাটতি, আর্থিক তথ্য প্রকাশে স্বচ্ছতার অভাব, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সীমিত অংশগ্রহণ, বিনিয়োগকারীদের আস্থার সংকট, নীতিগত অসঙ্গতি এবং পুঁজিবাজারবান্ধব করনীতির অভাবকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মোট ১ হাজার ৪৯৭ কোটি টাকা জরিমানা করেছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিষয়টি দুর্নীতি দমন কমিশনের কাছেও পাঠানো হয়েছে।

তিনি বলেন, সরকার পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এ লক্ষ্যে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বাজারের গভীরতা বাড়ানো, বিনিয়োগ শিক্ষা সম্প্রসারণ এবং একটি টেকসই ও আধুনিক পুঁজিবাজার গড়ে তুলতে বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে দক্ষ ও অভিজ্ঞ চেয়ারম্যান এবং তিন কমিশনার নিয়োগের মাধ্যমে বিএসইসির নতুন কমিশন গঠন করা হয়েছে। নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর বাজারে বহুল আলোচিত ফ্লোর প্রাইস ব্যবস্থা প্রত্যাহার করেছে।

এ ছাড়া ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল ও সরকারি সুকুকের মতো সরকারি সিকিউরিটিজ স্টক এক্সচেঞ্জের মাধ্যমে লেনদেনের সুযোগ সৃষ্টি করে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে লাভজনক রাষ্ট্রায়ত্ত, বহুজাতিক ও ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিকে সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে উৎসাহ দেওয়া, এসএমই খাতের প্রতিষ্ঠানকে বাজারে আনা, তথ্যদাতাদের সুরক্ষা নিশ্চিত করা, তালিকাভুক্ত কোম্পানি ও বাজার মধ্যস্থতাকারীদের নিরীক্ষায় অডিটর প্যানেল গঠন, বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ সহজ করা, মূলধনি মুনাফা কর কমানো, লভ্যাংশ আয়ের ওপর দ্বৈত কর প্রত্যাহার এবং বিও হিসাব ও মূলধন প্রত্যাবাসন সম্পূর্ণ ডিজিটাল করা।

এছাড়া পুঁজিবাজার-সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালে সরাসরি মামলা দায়েরের সুযোগ, পুঁজিবাজার সংস্কার কমিশন ও বিশেষ তদন্ত কমিশন গঠন, ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার, ই-কেওয়াইসি ভিত্তিক অনলাইন বিও হিসাব ও লেনদেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি জোরদার, বিনিয়োগকারী সুরক্ষা তহবিল শক্তিশালীকরণ, আইন আধুনিকায়ন এবং ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বিও হিসাবে অর্থ জমা ও উত্তোলনের সুবিধা চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ