
নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ: অনুপস্থিতদের পুনরায় পরীক্ষা, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর
ঢাকা: বৈরি আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, এসব শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা পুনরায় দেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল থাকা দুটি প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।
বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। তাই তাদের স্বার্থ বিবেচনায় বিশেষ এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, চলতি বছর সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। সাম্প্রতিক ভারী বর্ষণ ও বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বোর্ডের বাইরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়ও প্রতিকূল আবহাওয়া ও অন্যান্য অনিবার্য কারণে কিছু পরীক্ষার্থী নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।
শিক্ষামন্ত্রী বলেন, যেসব পরীক্ষার্থী বৈরি আবহাওয়া বা অনিবার্য কারণে কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এদিকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে দুটি প্রশ্নে ভুল থাকার বিষয়েও সিদ্ধান্ত জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িত দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর প্রদান করা হবে।


