
নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ
রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন মোঃ সাহাবুদ্দিন চুপ্পু। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে বিকেল ৫টায় সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নতুন কোনো রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া, সংবিধানের বাধ্যবাধকতা মেনে পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বঙ্গভবনের দায়িত্ব গ্রহণ করেছিলেন। নিয়মানুযায়ী ২০২৮ সালের এপ্রিলে তার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার কথা ছিল।
রাষ্ট্রপতি হিসেবে তার এই পুরো মেয়াদকালটি ছিল দেশের ইতিহাসের অত্যন্ত ঘটনাবহুল এক সময়। তার দায়িত্ব পালনকালেই ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তীকালীন সরকারের সফল শাসনকাল এবং সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ছাড়া দেশের ইতিহাসে একমাত্র রাষ্ট্রপতি হিসেবে অত্যন্ত স্বল্প ব্যবধানে তিন জন ভিন্ন ভিন্ন সরকারপ্রধানকে শপথ গ্রহণ করানোর এক অনন্য নজিরও গড়েছেন তিনি।


