
নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ
অন্তঃসত্ত্বা মায়েদের ক্ষেত্রে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমিয়ে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। একই সঙ্গে নবজাতককে জন্মের পরপরই শালদুধ (কলোস্ট্রাম) খাওয়ানো নিশ্চিত করতে পরিবার ও স্বাস্থ্যকর্মীদের আরও সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর মহাখালীর ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম)-এ আয়োজিত এক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে শিশুদের মধ্যে অপুষ্টির হার উদ্বেগজনক। এর ফলে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও বাড়ছে। তিনি জানান, অনেক নবজাতক জন্মের পর প্রয়োজনীয় শালদুধ থেকে বঞ্চিত হচ্ছে এবং সুষম খাদ্যের অভাবও তাদের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
চিকিৎসকদের ভূমিকার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, একজন অসুস্থ মানুষের শেষ আশ্রয়স্থল চিকিৎসক। তাই রোগীর সঙ্গে আন্তরিক ও মানবিক আচরণ শুধু চিকিৎসার মানই বাড়ায় না, রোগীর মানসিক শক্তিও বৃদ্ধি করে। চিকিৎসকদের মেধা ও দায়িত্বশীলতার যথাযথ প্রয়োগের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশে যক্ষ্মা (টিবি) রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস মেশিন সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়েই ফিজিওথেরাপি সেবা চালুর উদ্যোগ বাস্তবায়নের কাজও এগিয়ে চলছে।


