
বিশেষ প্রতিবেদক, চেতনা একুশ
রাজধানীর নাগরিক সেবার বাস্তব অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করতে গভীর রাতে আকস্মিক পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। উল্লেখযোগ্য বিষয় হলো, পুরো সফরে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় তিনি নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও ফুটপাতের অবস্থা, সড়কবাতির কার্যকারিতা, গভীর রাতের যান চলাচল এবং সামগ্রিক নগরসেবার চিত্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। কয়েকটি স্থানে গাড়ি থামিয়ে দায়িত্বরত কর্মীদের সঙ্গে কথা বলেন, মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
জানা গেছে, রাজধানীবাসীর ভোগান্তি কমিয়ে নাগরিক সেবার মান উন্নত করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। সেই লক্ষ্যেই কোনো পূর্বঘোষণা ছাড়াই গভীর রাতে মাঠপর্যায়ে নেমে সেবাদান কার্যক্রমে কোথাও কোনো গাফিলতি বা সমস্যা রয়েছে কি না, তা সরাসরি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
এর আগেও পবিত্র ঈদুল আজহার সময় একইভাবে গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী। সে সময় কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ে অপসারণে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্তের নির্দেশ দেন তিনি। সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা তখন ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল।


