
অনলাইন ডেস্ক, চেতনা একুশ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা জামায়াতের সাবেক আমির এবং আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক মো. আব্দুল ওয়াহেদ (৫৫) গ্রেপ্তার হয়েছেন।
র্যাব-১৪-এর জামালপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে জামালপুর সদর উপজেলার বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদারগঞ্জ থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া প্রতারণাসহ তার বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারের পর তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায়।
স্থানীয়দের অভিযোগ, আল-আকাবা বহুমুখী সমবায় সমিতি অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার হাজারো গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে। পরবর্তীতে সমিতির পরিচালকদের বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে যাওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে একাধিক মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর তদন্ত ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।


