
অনলাইন প্রতিবেদক, চেতনা একুশ
চ্যাটজিপিটির নাম ব্যবহার করে ব্যবহারকারীদের ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোডে প্রলুব্ধ করছে একদল হ্যাকার। সাইবার নিরাপত্তা গবেষকেরা নতুন এই প্রতারণার কৌশল শনাক্ত করে ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
গবেষণা প্রতিষ্ঠান পুশ সিকিউরিটির তথ্য অনুযায়ী, ‘এলএলএমশেয়ার’ নামে একটি সাইবার হামলায় প্রথমে গুগলে চ্যাটজিপিটি সম্পর্কিত ভুয়া বিজ্ঞাপন দেখানো হয়। বিজ্ঞাপনে ক্লিক করলে ব্যবহারকারীকে চ্যাটজিপিটির শেয়ার করা একটি পেজে নিয়ে যাওয়া হয়।
সেখানে একটি ভুয়া সতর্কবার্তায় দাবি করা হয়, অতিরিক্ত ব্যবহারকারীর চাপের কারণে চ্যাটজিপিটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। সেবা চালু রাখতে ব্যবহারকারীকে ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করার নির্দেশ দেওয়া হয়।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ভুয়া বার্তাটি চ্যাটজিপিটির বৈধ ডোমেইনের মধ্যেই প্রদর্শিত হয়। ফলে সাধারণ ব্যবহারকারীদের পক্ষে এটি আসল নাকি প্রতারণামূলক—তা বুঝে ওঠা কঠিন হয়ে পড়ে।
গবেষকদের মতে, প্রতারকেরা চ্যাটজিপিটির শেয়ার ফিচার ব্যবহার করে কাস্টম এইচটিএমএল ও সিএসএসের মাধ্যমে এমন একটি পেজ তৈরি করেছে, যা দেখতে অনেকটা অফিসিয়াল নোটিশের মতো। ওই পেজের ডাউনলোড বাটনে ক্লিক করলে ব্যবহারকারীকে একটি ভুয়া ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়।
ওয়েবসাইটটি দেখতে ওপেনএআইয়ের ডেস্কটপ অ্যাপের মতো হলেও প্রকৃতপক্ষে সেটি ম্যালওয়্যার ছড়ানোর জন্য তৈরি করা হয়েছে। এমনকি সাইটটিতে ক্লোকিং প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ ব্যবহারকারী এবং নিরাপত্তা বিশ্লেষকদের কাছে ভিন্ন ধরনের কনটেন্ট প্রদর্শন করা সম্ভব হয়।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে কোনো সফটওয়্যার ডাউনলোডের আগে উৎসটি যাচাই করা জরুরি। বিশেষ করে চ্যাটজিপিটি বা অন্য কোনো জনপ্রিয় সফটওয়্যারের নামে দেখানো অস্বাভাবিক সতর্কবার্তা কিংবা ডাউনলোডের অনুরোধে সাড়া না দিয়ে কেবল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল উৎস থেকেই সফটওয়্যার ডাউনলোড করা উচিত।


