
নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়া ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতীম এর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনে সানন্দা এলাকার একটি টিলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—তুহিন, আনাস ও ফাহিম।

অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের সন্তান। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতীম। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়।
অপ্রতীম নিখোঁজ হওয়ার ঘটনায় তার মা শিক্ষক নাহিদা বেগম শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপ্রতীমের সঙ্গে থাকা আইফোনটির সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হওয়ার তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর ওই এলাকাসহ আশপাশে তল্লাশি শুরু করা হয়।
পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পুলিশ অপ্রতীমের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চালায়। একপর্যায়ে শনিবার দুপুর ১২টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনে সানন্দা এলাকার একটি টিলায় অপ্রতীমের লাশ পাওয়া যায়।
পরে পুলিশ ঘটনাস্থলে প্রয়োজনীয় তদন্ত ও প্রাথমিক কার্যক্রম শেষে লাশটি কোটবাড়ির গন্ধমতি এলাকায় অপ্রতীমের ভাড়া বাসায় নিয়ে যায়।
এদিকে অপ্রতীমকে হত্যার ঘটনায় শনিবার তিনজনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে আটক করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার সিসিটিভি ফুটেজে অপ্রতীমের সঙ্গে তুহিনকে দেখা যায়। ফুটেজ অনুযায়ী, তারা সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেছিল।
এরপর শনিবার সন্ধ্যা ৭টার দিকে আনাসকে আটক করা হয়। এর প্রায় ৩০ মিনিট পর রাত সাড়ে ৭টার দিকে ফাহিমকেও আটক করে পুলিশ।
শনিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সন্দেহভাজন তুহিন, আনাস ও ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
মাত্র ১৩ বছর বয়সে অপ্রতীমের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার নিখোঁজ হওয়ার পর থেকে সন্ধানে নেমেছিলেন স্বজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও।
পুলিশ জানিয়েছে, অপ্রতীমের মৃত্যুর পেছনে কী কারণ ছিল এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে।


