
বিশেষ প্রতিনিধি, চেতনা একুশ
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আদালতের নির্দেশনা উপেক্ষা করে কোনো গণমাধ্যম প্রচার বা প্রকাশ করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান জানান, এ বিষয়ে এর আগেও গণমাধ্যমের জন্য সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছিল। কেউ যদি আগাম শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণা দিয়ে তা প্রকাশ বা সম্প্রচার করে, তবে সেটি আদালতের আদেশ লঙ্ঘনের শামিল হবে।
তিনি বলেন, আদালতের নির্দেশনা মেনে চলা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। সরকার আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে বদ্ধপরিকর এবং সবাইকে নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানায়।
ব্যক্তিগত মতামত তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, আদালতের নিষেধাজ্ঞা না থাকলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়ার বিষয়টি ভিন্ন হতে পারত। তবে আদালতের আদেশ কার্যকর থাকা পর্যন্ত তা মানা বাধ্যতামূলক। কেউ ওই আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করলে আদালতের দ্বারস্থ হয়ে আইনি প্রতিকার চাইতে পারেন।
শেখ হাসিনার সাম্প্রতিক দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে চায়। এ লক্ষ্যে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে একই বার্তা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। এরপর আইন অনুযায়ী তিনি আইনজীবী নিয়োগ, আত্মপক্ষ সমর্থনসহ সব ধরনের আইনি অধিকার ভোগ করবেন। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত সরকার যথাযথভাবে বাস্তবায়ন করবে।
তথ্য উপদেষ্টা বলেন, সরকার আইনের শাসনে বিশ্বাসী এবং শেখ হাসিনার ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতেও তার বিভিন্ন আহ্বানের বাস্তব কোনো প্রভাব দেখা যায়নি। এখনও কিছু ব্যক্তি বা গোষ্ঠী তাকে সমর্থন করতে পারেন কিংবা অতীতের সুবিধাভোগী হিসেবে বিভিন্ন স্থানে থাকতে পারেন। তবে সরকারকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ জানানোর মতো নৈতিক বা সাংগঠনিক সক্ষমতা তাদের নেই।
শেখ হাসিনার দেশত্যাগে সহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি ছিল ব্যতিক্রমধর্মী। বিশ্বের বিভিন্ন দেশেও বড় রাজনৈতিক পরিবর্তনের সময় এমন ঘটনা ঘটে। বর্তমানে এ বিষয়ে তদন্ত শুরু করার কোনো উদ্যোগ সরকারের নেই।
সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিনের তথ্য সরকার কয়েক দিন পর জানতে পারার বিষয়ে প্রশ্ন করা হলে ডা. জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে তিনি নিশ্চিত নন। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনা হবে এবং কেন এমন বিলম্ব হয়েছে তা খতিয়ে দেখা হবে।
প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো আগের সরকারের প্রভাব রয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতন ও দেশত্যাগ দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হলেও ১৫ বছর ধরে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকারী সবাইকে একদিনে পরিবর্তন করা সম্ভব নয়।
তার ভাষ্য, প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো আগের সরকারের সময়ের অনেক কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এত বড় কাঠামোতে পরিবর্তন আনতে সময় লাগে। শুধু বদলি করলেই হবে না, নতুনদের দক্ষ করে তুলতেও সময় প্রয়োজন।
তিনি বলেন, সরকার ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন আনছে। তবে এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না, যাতে রাষ্ট্রের স্বাভাবিক সেবাদান ব্যবস্থা ব্যাহত হয়। জনগণের কাছে সরকারি সেবা নির্বিঘ্নে পৌঁছে দেওয়াই সরকারের প্রধান অগ্রাধিকার।


