
নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বর সংলগ্ন দক্ষিণ মানিকদী এলাকার ‘নিউগিনি প্রপার্টিজ’ আবাসন প্রকল্পে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত দুই প্রভাবশালী আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন— মামলার অন্যতম মূল অভিযুক্ত মিজানুর রহমান (৫৯) এবং এজাহারনামীয় ৪ নম্বর আসামি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী। জানা যায়, গ্রেফতার হওয়া মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের জামায়তের এমপি মোঃ আব্দুল গফুর এর জামাতা।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি গুলশান বিভাগের একটি বিশেষ আভিযানিক দল রাজধানীর সেগুনবাগিচার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে দুপুর পৌনে ৩টার দিকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে। গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, এ ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে ডিবির অপর একটি দল পৃথক অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার রাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত ইসিবি চত্বরের কাছে দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে অনাধিকার প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়। হামলাকারীরা পুরো প্রকল্প এলাকা জুড়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় উক্ত আবাসন প্রকল্পের ভেতরে অবস্থিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও নির্বিচারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়।
উক্ত সহিংস ঘটনার পর নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ২৭ সেপ্টেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী ও মিজানুর রহমানসহ মোট ১৩ জনের নাম উল্লেখ করে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, মামলার এজাহারভুক্ত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


