
প্রযুক্তি ডেস্ক, চেতনা একুশ
চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন এনেছে ওপেনএআই। এখন থেকে ফ্রি ও চ্যাটজিপিটি গো ব্যবহারকারীরা কোনো মেসেজ লিমিট ছাড়াই টেক্সটভিত্তিক চ্যাট করতে পারবেন।
তবে টেক্সট চ্যাটের বাইরে আগের মতোই সীমাবদ্ধতা থাকছে। ফাইল বা ছবি আপলোড, ছবি তৈরি এবং ভয়েস মোড ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট লিমিট কার্যকর থাকবে।
নতুন আপডেটের অংশ হিসেবে ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য ডিফল্ট মডেল হিসেবে যুক্ত হচ্ছে ‘জিটিপি-৫.৬ লুনা’। এটি গত মে থেকে ব্যবহৃত ‘জিটিপি-৫.৫ ইনস্ট্যান্ট’ মডেলের জায়গা নেবে।
চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে নতুন ‘থিংক’ বাটনও। কোনো প্রশ্নের উত্তরের আগে এটি নির্বাচন করলে ‘জিটিপি-৫.৬ লুনা’ অতিরিক্ত সময় নিয়ে বিষয়টি বিশ্লেষণ করবে। ফলে তুলনামূলক জটিল প্রশ্নে আরও গভীর ও চিন্তাশীল উত্তর পাওয়ার সুযোগ থাকবে।
পেইড গ্রাহকদের জন্যও এসেছে নতুন সুবিধা। প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য ফ্ল্যাগশিপ ‘জিটিপি-৫.৬ সল’ মডেলকে আরও নির্ভুল ও কার্যকর করা হয়েছে।
ওপেনএআই জানিয়েছে, উন্নত মডেলটি প্রশ্নের ধরন বুঝে উত্তরের বিস্তৃতি নির্ধারণ করবে। অপ্রয়োজনীয় ফরম্যাটিং এড়িয়ে আরও সুনির্দিষ্ট উত্তর দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীর বক্তব্যে ভুল থাকলে সেটিও যুক্তিসঙ্গতভাবে সংশোধন করবে।
প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য যুক্ত হয়েছে বিশেষ ‘স্লাইডার’ সুবিধা। এর মাধ্যমে কোনো প্রশ্নের উত্তর দিতে চ্যাটজিপিটি কতটা সময় ও গভীরতা নিয়ে বিশ্লেষণ করবে, তা ব্যবহারকারী নিজেই নির্ধারণ করতে পারবেন।
ফ্রি ব্যবহারকারীদের জন্য টেক্সট চ্যাটের মেসেজ বা রেট লিমিট পুরোপুরি তুলে নেওয়াকে ওপেনএআইয়ের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ বিপুলসংখ্যক ব্যবহারকারীর জন্য নিরবচ্ছিন্ন চ্যাটিং সুবিধা চালু রাখতে প্রয়োজন বিপুল সার্ভার ও ডেটা প্রসেসিং সক্ষমতা।
তবে কীভাবে এই বাড়তি চাপ ও ব্যয় সামলে সীমাহীন টেক্সট চ্যাটের সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ওপেনএআই। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, খরচ কমানো ও ডেটা প্রসেসিং প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতির কারণেই এমন সুবিধা চালু করা সম্ভব হয়েছে।
ওপেনএআই বলছে, সবার জন্য এআই প্রযুক্তির ব্যবহার আরও সহজ ও উন্মুক্ত করাই এই উদ্যোগের লক্ষ্য। এর ফলে সাধারণ ব্যবহারকারীরা যেকোনো প্রশ্ন, ধারণা বা প্রয়োজনীয় কাজ নিয়ে আরও বাধাহীনভাবে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন।


