Skip to main content

Chetona Ekush

, ,

জলাবদ্ধতায় ডুবল কেন্দ্র: প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্র পরিবর্তন, সময় বাড়ল ৩০ মিনিট!


চেতনা একুশ ডেস্ক:

টানা ভারী বর্ষণে সৃষ্ট নজিরবিহীন জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্র তাৎক্ষণিকভাবে পরিবর্তন করা হয়েছে। একই সাথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি, তাদের সুবিধার্থে পরীক্ষার সময় অতিরিক্ত ৩০ মিনিট বৃদ্ধি করা হয়েছে।
আজ সোমবার (১৩ জুলাই) কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।


কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু জানান, কোমরসমান জলাবদ্ধতার মধ্যে চরম দুর্ভোগ মাথায় নিয়ে নৌকায় করে পরীক্ষার্থীদের কেন্দ্রে যাওয়ার কিছু ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি স্বশরীরে পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং খোঁজখবর নেন। পরবর্তীতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষাকেন্দ্র দ্রুত পরিবর্তন এবং শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে অতিরিক্ত ৩০ মিনিট সময় প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।


এর আগে, আজ সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টার মুষলধারে বৃষ্টিতে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে। আকস্মিক এই জলাবদ্ধতায় শত শত পরীক্ষার্থী চরম বিপাকে পড়েন এবং সময়মতো কেন্দ্রে পৌঁছাতে ব্যর্থ হন।


সরেজমিনে দেখা যায়, পরীক্ষা দেওয়ার অদম্য ইচ্ছা নিয়ে কোনো কোনো শিক্ষার্থী নৌকায় চড়ে, আবার অনেকেই কোমরসমান নোংরা পানি মাড়িয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছান। কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থীদের নিরাপদে প্রবেশের সুবিধার্থে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ নৌকার ব্যবস্থা করতে দেখা যায়।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সোমবার কুমিল্লায় মাত্র তিন ঘণ্টায় রেকর্ড ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। তীব্র এই বর্ষণে নগরীর প্রধান প্রধান সড়ক, অলিগলি এবং নিচু আবাসিক এলাকাগুলোতে হাঁটু থেকে কোমরসমান পানি জমে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ