
জুলাই গণঅভ্যুত্থান ঘিরে দায়ের হওয়া বিভিন্ন হত্যা মামলায় যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন, সে বিষয়ে জেলা প্রশাসকদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগস্ট পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু মামলা হয়েছে, যেগুলোর অনেকগুলোই গণহত্যার অভিযোগে দায়ের করা। এসব মামলার তালিকা জেলা প্রশাসকদের কাছ থেকে চাওয়া হয়েছে। তালিকা পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে প্রকৃত আসামিদের শনাক্ত করা হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে না, তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে অব্যাহতি পাবেন।
তিনি বলেন, বিভিন্ন জেলায় মামলার সংখ্যা ভিন্ন ভিন্ন। তুলনামূলকভাবে দূরবর্তী জেলাগুলোতে মামলা কম হলেও মহানগর এলাকায় সংখ্যাটা বেশি। তাই জেলা ভিত্তিক পর্যালোচনার মাধ্যমে প্রকৃত চিত্র তুলে ধরা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা বহু মামলার বিষয়েও সরকার উদ্যোগ নিয়েছে। এসব মামলার মধ্যে অনেকগুলো ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে, আর বাকি মামলাগুলো পর্যালোচনার প্রক্রিয়ায় রয়েছে।
তিনি জানান, এসব মামলা প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর তা আইনি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইনমন্ত্রীর নেতৃত্বাধীন একটি কমিটি মামলাগুলো যাচাই করবে। কমিটি যদি মামলা প্রত্যাহারের সুপারিশ করে, তাহলে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী তা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের লক্ষ্য হচ্ছে—ন্যায়বিচার নিশ্চিত করা এবং কোনো নিরপরাধ মানুষ যেন আইনি জটিলতায় পড়ে হয়রানির শিকার না হন।
রিপোর্ট : নাসরিন বেগম


