Skip to main content

Chetona Ekush

, ,

যানজট কমাতে ঢাকার বাইরে যাচ্ছে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সরকার। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং নগরবাসীর ভোগান্তি কমাতে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল পর্যায়ক্রমে রাজধানীর বাইরে বা উপযুক্ত প্রান্তিক এলাকায় স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় দফার বৈঠক শেষে এ তথ্য জানান যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকরা।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উল্লেখ করা হয়, ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরে নগরীর যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়ে আসছে। এ অবস্থার পরিবর্তনে টার্মিনালগুলোকে ধাপে ধাপে রাজধানীর বাইরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান বলেন, যানজট নিরসনের অংশ হিসেবে ফুটপাতকে পথচারীবান্ধব করতে হবে এবং হকারদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। তিনি জানান, বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে বিপুল অর্থ বিনিয়োগ হয়েছে এবং দীর্ঘদিন সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। তাই প্রকল্পটি পরিত্যক্ত ঘোষণা না করে কীভাবে উন্নত করে গণপরিবহন করিডোর হিসেবে ব্যবহার করা যায়, সে বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে বিকল্প প্রস্তাব উপস্থাপন করা হবে।

তিনি আরও জানান, মহাখালী বাস টার্মিনালের বাসগুলোর জন্য অস্থায়ীভাবে পূর্বাচলে ডিপোর স্থান নির্ধারণ করা হয়েছে। ফলে বাসগুলো শুধুমাত্র যাত্রী ওঠানামার সময় টার্মিনালে আসবে। একইভাবে সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্যও বিকল্প অস্থায়ী স্থান চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি স্থায়ী সমাধানের বিষয়েও কাজ চলছে। আগামী সপ্তাহে শাহবাগ এলাকায় ট্রাফিক সিগন্যাল চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালকে আরও সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত বাস্তবায়নের নির্দেশনাও এসেছে। তিনি বলেন, গুলিস্তান থেকে টার্মিনাল সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে এবং হকারদের জন্য এমন একটি ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে উচ্ছেদ ছাড়াই শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, মহাখালী এলাকায় সড়কের ওপর বাস দাঁড়িয়ে থাকার কারণে যে যানজট সৃষ্টি হয়, তা কমাতে প্রাথমিকভাবে পূর্বাচলে বাস ডিপো স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কাজে সিটি করপোরেশন প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

সরকার রাজধানীর যানজট নিরসনে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ