Skip to main content

Chetona Ekush

, ,

শিল্পকলায় সুরের জাদুকর ও গুণী মনীষীদের স্মরণ: ১০ দিনে ৪৫ গুণীজনকে শ্রদ্ধা

বাঙালির শিল্প-সংস্কৃতির শিকড় যারা গেঁথে দিয়েছিলেন, সেই সব কালজয়ী মনীষীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে এক অনন্য উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গত ১১ মে থেকে যাত্রা শুরু করেছে ‘জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান’। আগামী ২০ মে পর্যন্ত টানা দশ দিনব্যাপী এই আয়োজনে পরম মমতায় স্মরণ করা হবে বাংলার ৪৫ জন কৃতী সন্তানকে।

গতকাল সোমবার বিকেল ৪টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে উৎসবের প্রথম প্রদীপ প্রজ্বলিত হয় লোকসংগীতের দিকপাল ওস্তাদ মোমতাজ আলী খানের স্মরণে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি সচিব কানিজ মওলা বলেন, আমাদের শেকড়কে চিনতে হলে এই গুণীজনদের জীবনদর্শন চর্চার কোনো বিকল্প নেই। লোকজ সুরের এই জাদুকরকে নিয়ে মুখ্য আলোচক হিসেবে স্মৃতিচারণ করেন তাহসিন খান। শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। পরে শিল্পী তাহসিন খান ও নারায়ণ চন্দ্রশীলের কণ্ঠে মোমতাজ আলী খানের গান এক মায়াবী পরিবেশ তৈরি করে।

বিকেল ৫টায় আসর বসে শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম পুরুষ ওস্তাদ আলী আকবর খাঁকে নিয়ে। প্রফেসর রিনাত ফৌজিয়া তার আলোচনায় এই সুরসম্রাটের বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরেন। এরপর রিনাত ফৌজিয়া ও ইউসুফ খানের সরোদ ও কণ্ঠের জাদুতে দর্শক-শ্রোতারা বিমোহিত হন।

সন্ধ্যার আবহে ৬টায় শুরু হয় ধ্রুপদ ও খেয়াল গানের কিংবদন্তি ওস্তাদ গুল মুহাম্মদ খাঁকে নিয়ে বিশেষ আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব এ. কে. এম. আবদুল্লাহ খান এবং মুখ্য আলোচক ছিলেন ড. ফকির সুমন। শ্রদ্ধা নিবেদন শেষে ইমামুর রশিদ খান ও মিরাজুল জান্নাত সোনিয়া ধ্রুপদী সংগীতের রেশ ছড়িয়ে দেন মিলনায়তন জুড়ে।

দিনের শেষ আয়োজনে সন্ধ্যা ৭টায় শ্রদ্ধা জানানো হয় বরেণ্য সংগীতজ্ঞ ও উচ্চাঙ্গ কণ্ঠশিল্পী ওস্তাদ মুন্সী রইসউদ্দিনকে। সুরের এই কারিগরকে নিয়ে মূল্যবান আলোচনা করেন এজাজ ফারাহ। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এজাজ ফারাহ ও সুস্মিতা দেবনাথ সূচির কণ্ঠমাধুর্যে। আগামী ১০ দিন শিল্পকলা একাডেমি এভাবেই মুখরিত থাকবে আমাদের ইতিহাসের উজ্জ্বল নক্ষত্রদের স্মরণে।

রিপোর্ট : এড্. নাসরিন বেগম

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ