Skip to main content

Chetona Ekush

, ,

‘এটি শাহবাগ নয়, জাতীয় সংসদ’—উত্তপ্ত অধিবেশনে হান্নান মাসউদকে ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিনিধি, চেতনা একুশ

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘অসত্য’ উল্লেখ করে এনসিপি’র সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র উত্তপ্ত বিতর্কের সৃষ্টি হয়েছে। রোববার (২১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার সময় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবতারণা হয়।

সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, সংসদ নেতাকে উদ্দেশ্য করে অসত্য বা কটূক্তিমূলক বক্তব্য দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বিতর্কিত মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।

এর জবাবে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করার সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার বিরোধী দলের রয়েছে। তিনি দাবি করেন, বিরোধী দল গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী এবং কোনোভাবেই ফ্যাসিবাদী সংস্কৃতির পুনরাবৃত্তি চায় না।

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দলের বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, একজন সংসদ সদস্যের পক্ষ থেকে সরাসরি প্রধানমন্ত্রীকে অসত্যবাদী আখ্যা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বিরোধী দলের আচরণকে ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে আবদুল হান্নান মাসউদের বক্তব্যের বিতর্কিত অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার জোর দাবি জানান।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন আবদুল হান্নান মাসউদ ফ্লোর না পেয়েই মাইক ছাড়াই বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে থামিয়ে দিয়ে বলেন, “এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। এখানে সংসদীয় বিধি ও নিয়ম মেনেই কথা বলতে হবে।”

পরবর্তীতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বিষয়টি নিয়ে আর বিতর্ক না বাড়ানোর আহ্বান জানান। তিনি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, সংসদের মর্যাদা ও পরিবেশ অক্ষুণ্ন রাখতে অপ্রয়োজনীয় বাকবিতণ্ডা এড়িয়ে চলাই শ্রেয়। বাইরের বক্তব্যের জবাব বাইরে দেওয়া যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সব পক্ষের বক্তব্য শোনার পর ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা ও বিচার-বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ