Skip to main content

Chetona Ekush

, ,

জমি না পেয়ে মাকে বাড়ি ছাড়া করে শ্রীঘরে প্রকৌশলী ছেলে: জামালপুরে চাঞ্চল্য

চেতনা একুশ অনলাইন ডেস্ক:


জন্মদাত্রী বৃদ্ধা মায়ের ভরণপোষণ না দিয়ে, উল্টো জমি আত্মসাতের উদ্দেশ্যে তাকে বাড়ি থেকে নির্মমভাবে বের করে দেওয়ার এক জঘন্য অভিযোগ উঠেছে এক প্রকৌশলী ছেলের বিরুদ্ধে। জামালপুরের সরিষাবাড়ীতে ঘটে যাওয়া এই ঘটনায় অভিযুক্ত ছেলে প্রকৌশলী রাশেদুল ইসলাম জাকিরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।


এর আগে গত বুধবার রাতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আইনের আওতায় আনে পুলিশ।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের বাসিন্দা, মৃত মোজাম্মেল হক গুঠু তালুকদারের স্ত্রী রাশেদা বেগম এই নির্মমতার শিকার হয়ে নিজের ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।


অভিযোগে প্রকাশ, একমাত্র ছেলে রাশেদুল ইসলাম জাকির দীর্ঘদিন ধরে তার বৃদ্ধা মায়ের কোনো খোঁজখবর বা ভরণপোষণ দিচ্ছিলেন না। এর ওপর মায়ের নামে থাকা পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক নিজের নামে লিখে নেওয়ার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করে আসছিলেন। মায়ের চরম আপত্তির মুখে একপর্যায়ে তাকে নিজের বাড়ি থেকেই বের করে দেওয়া হয়।

কোনো উপায় না পেয়ে গত বুধবার অসহায় মা রাশেদা বেগম বাদী হয়ে ছেলে রাশেদুল ইসলাম জাকির এবং পুত্রবধূ ফাতেমাতুজ্জোহুরা স্মৃতির বিরুদ্ধে ‘পিতামাতার ভরণপোষণ আইন, ২০১৩’-এর সুনির্দিষ্ট ধারায় সরিষাবাড়ী থানায় একটি মামলা রুজু করেন। মামলা দায়েরের পর ভুক্তভোগী বৃদ্ধাকে তার ভাই আহাম্মদ আল ফরিদ গেন্দারপাড়ার বাড়ি থেকে উদ্ধার করেন। বর্তমানে তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীততরা ইউনিয়নের বাঁশনিয়োগী গ্রামে তার বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, অসহায় মায়ের লিখিত অভিযোগ ও মামলার ভিত্তিতেই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। বুধবার রাতে ঢাকা থেকে আসামিকে গ্রেফতারের পর বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধী যেই হোক, মায়ের অধিকার হরণের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ