Skip to main content

Chetona Ekush

, ,

ঐক্য বজায় রেখে দল শক্তিশালী করুন, বিতর্কিত কর্মকাণ্ড থেকে দূরে থাকুন: তারেক রহমান

বিশেষ সংবাদদাতা

নিজ নিজ নির্বাচনি এলাকায় নেতাকর্মীদের ঐক্য বজায় রাখা, দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির সংসদ সদস্যদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিতর্কিত কর্মকাণ্ডে না জড়ানোর বিষয়ে সতর্ক করেছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় এসব নির্দেশনা দেন তারেক রহমান। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও বিএনপির সংসদীয় দলের প্রধান তারেক রহমান।

সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ ঘোষণার আগেই হঠাৎ করে সরকারি দলের সংসদীয় দলের এ সভা আহ্বান করা হয়। এ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

সভায় অংশ নেওয়া বিএনপির একাধিক সংসদ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈঠকে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন দুর্গাপূজা, মাদক নিয়ন্ত্রণ, সংবিধান সংশোধন এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় কয়েকজন সংসদ সদস্য নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা, অসুবিধা ও সীমাবদ্ধতার কথাও দলীয় নেতৃত্বের কাছে তুলে ধরেন।

বৈঠকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন আগামী ৮ নভেম্বর শুরু হতে পারে। অধিবেশন শুরুর আগে সংসদীয় দলের আরেকটি সভা আহ্বান করা হবে বলেও আলোচনা হয়।

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়েও বিএনপির সংসদীয় দলের সভায় আলোচনা হয়। নির্বাচন কমিশন (ইসি) সোমবার ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে। এ উপলক্ষে কমিশনের সভাও আহ্বান করা হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। নিজ নিজ নির্বাচনি এলাকায় দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য অটুট রাখার পাশাপাশি কোনোভাবেই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না বলে সংসদ সদস্যদের সতর্ক করেন তিনি।

নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীপক্ষ যাতে পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ না পায়, সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন বিএনপির চেয়ারম্যান। তাঁর নির্দেশনা অনুযায়ী, স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক ঐক্য ধরে রাখা এবং রাজনৈতিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার বিষয়ে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্গাপূজা নিয়ে সতর্কতা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়েও সভায় গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন তিনি।

কোনো গুপ্ত বা পলাতক শক্তি যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সজাগ থাকার জন্য দলীয় সংসদ সদস্যদের পরামর্শ দেন তারেক রহমান।

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো মহল যাতে অপরাধমূলক কর্মকাণ্ডের সুযোগ নিতে না পারে, তা নিশ্চিত করতেও সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

মাদক নিয়ন্ত্রণেও সক্রিয় ভূমিকার নির্দেশ

দলকে সুসংগঠিত করা এবং অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। মাদকের বিস্তার রোধে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন তারেক রহমান।

বৈঠক শেষে ঢাকা-১৮ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, সভায় মূলত দলকে সুসংগঠিত করা এবং ঐক্য বজায় রাখার বিষয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী দলের ঐক্য ও শৃঙ্খলার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়েও গুরুত্ব দিয়েছেন।

তিনি আরও জানান, ঐক্য ধরে রেখে দলকে শক্তিশালী রাখতে পারলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। এ ছাড়া মাদক নিয়ন্ত্রণে সব সংসদ সদস্যকে সোচ্চার ভূমিকা রাখার নির্দেশনাও দিয়েছেন তিনি।

সভায় দেওয়া নির্দেশনার মধ্য দিয়ে দলীয় ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা, আইনশৃঙ্খলা রক্ষা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ