Skip to main content

Chetona Ekush

, ,

জনগণের দোরগোড়ায় পৌঁছে তাদের মন জয় করেই জনপ্রতিনিধি নির্বাচিত হতে হবে: প্রধানমন্ত্রী

রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইনশৃঙ্খলা রক্ষায় আপসহীন অবস্থান এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই কঠোর বার্তা প্রদান করেন।

প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে কোনো নির্বাচনেই কাউকে ‘জিতিয়ে আনার’ সংস্কৃতি আর থাকবে না। বরং জনগণের দোরগোড়ায় পৌঁছে তাদের মন জয় করেই জনপ্রতিনিধি নির্বাচিত হতে হবে। সভায় উপস্থিত কেন্দ্র ও জেলা পর্যায়ের সহস্রাধিক নেতার উদ্দেশে তিনি বলেন, প্রশাসন বা দলীয় প্রভাব খাটিয়ে ক্ষমতা প্রদর্শনের দিন শেষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে জনগণের সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।

শৃঙ্খলার প্রশ্নে ‘শূন্য সহনশীলতা’

সভার একটি বড় অংশ জুড়ে ছিল দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি। সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে জানানো হয়েছে, শান্তি-শৃঙ্খলার প্রশ্নে এখন থেকে আর কোনো শিথিলতা দেখানো হবে না। অপরাধীর রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো ছাড় নয়; নিজেদের ভুলত্রুটি থাকলে তা এখনই শুধরে নিতে হবে।”

মন্ত্রী-নেতা সরাসরি প্রশ্নোত্তর

দীর্ঘ সময় ধরে চলা এই রুদ্ধদ্বার বৈঠকে তৃণমূলের নেতারা সরাসরি মন্ত্রীদের কাছে জনদুর্ভোগ ও এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন তোলেন। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে নেতাদের প্রশ্নের সরাসরি জবাব দেন সংশ্লিষ্ট ১১ জন মন্ত্রী। বিশেষ করে জেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি উঠে আসে আলোচনায়।

তৃণমূলের সঙ্গে সেতুবন্ধন

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সময়কে দেশ পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, সরকারের জনকল্যাণমূলক কাজগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তৃণমূল নেতা-কর্মীদেরই নিতে হবে।

দল ও সরকারের মধ্যে সমন্বয় বাড়াতে প্রতি তিন-চার মাস অন্তর এ ধরনের জবাবদিহিমূলক সভার আয়োজন করা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং সুশাসনের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াই ছিল এই ঐতিহাসিক মতবিনিময় সভার মূল সুর।

রিপোর্ট : নাসরিন বেগম

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ