
এড্ নাসরিন বেগম
আল্লাহ তাআলা পরম দয়ালু ও ক্ষমাশীল। কোনো মানুষ ভুলবশত বা শয়তানের প্ররোচনায় গুনাহে লিপ্ত হলেও, আন্তরিক তাওবার মাধ্যমে তিনি চাইলে সেই গুনাহ ক্ষমা করে দিতে পারেন। তবে ইসলামে এমন একটি বিষয় রয়েছে, যার বিচার আল্লাহ তাআলা মানুষের ওপরই ছেড়ে দিয়েছেন। সেটি হলো বান্দার হক বা হাক্কুল ইবাদ। অর্থাৎ, অন্য মানুষের অধিকার ক্ষুণ্ন করলে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে না; যার অধিকার নষ্ট হয়েছে, তার ক্ষমাও অর্জন করতে হবে।
পবিত্র কোরআনে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ইসলাম মানুষের অধিকারকে এতটাই গুরুত্ব দিয়েছে যে, ইবাদতের পাশাপাশি অন্যের প্রাপ্য নিশ্চিত করাকেও ঈমানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করেছে।
আমাদের দৈনন্দিন জীবনে অজান্তেই অনেক সময় অন্যের হক নষ্ট হয়ে যায়। ব্যবসায় ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল মেশানো, সুদের মাধ্যমে অন্যায় সুবিধা নেওয়া কিংবা সামর্থ্য থাকা সত্ত্বেও পাওনাদারের টাকা সময়মতো পরিশোধ না করা—এসবই বান্দার হক লঙ্ঘনের শামিল। একইভাবে উত্তরাধিকারীদের ন্যায্য সম্পদ থেকে বঞ্চিত করা, বিশেষ করে বোন, স্ত্রী বা কন্যার প্রাপ্য আদায় না করা, ইসলামের দৃষ্টিতে গুরুতর অন্যায়।
শুধু আর্থিক বিষয়ই নয়, কারও অনুপস্থিতিতে পরনিন্দা করা, মিথ্যা অপবাদ দেওয়া, কাউকে অপমান বা মানসিক কষ্ট দেওয়া—এসবও হাক্কুল ইবাদের অন্তর্ভুক্ত। এছাড়া সরকারি সম্পদ আত্মসাৎ, কর্মক্ষেত্রে দায়িত্বে অবহেলা, কিংবা জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি করে ব্যক্তিস্বার্থ হাসিল করাও মানুষের অধিকার নষ্ট করারই একটি রূপ।
এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) এক গুরুত্বপূর্ণ হাদিসে প্রকৃত দেউলিয়া ব্যক্তির পরিচয় তুলে ধরেছেন। তিনি বলেন, কিয়ামতের দিন এমন অনেক মানুষ থাকবে, যারা নামাজ, রোজা ও জাকাতের বিপুল নেকি নিয়ে উপস্থিত হবে। কিন্তু দুনিয়ায় তারা কারও সম্মানহানি করেছে, কারও সম্পদ অন্যায়ভাবে ভোগ করেছে, কাউকে আঘাত করেছে বা অপবাদ দিয়েছে। ফলে তাদের নেক আমল একে একে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বণ্টন করা হবে। নেকি শেষ হয়ে গেলে ভুক্তভোগীদের গুনাহ তাদের ওপর চাপিয়ে দেওয়া হবে এবং শেষ পর্যন্ত তারা শাস্তির মুখোমুখি হবে।
এই হাদিস স্পষ্ট করে যে, আল্লাহর ইবাদতের পাশাপাশি মানুষের অধিকার রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। বাহ্যিক ইবাদত যতই বেশি হোক, অন্যের হক নষ্ট করলে কিয়ামতের দিন সেই আমল কোনো কাজে নাও আসতে পারে।
তাই প্রত্যেক মুসলমানের উচিত নিজের জীবনকে আত্মসমালোচনার আলোকে মূল্যায়ন করা। কারও প্রাপ্য আটকে রাখা, শ্রমের ন্যায্য মূল্য না দেওয়া, আত্মীয়-স্বজনের অধিকার ক্ষুণ্ন করা কিংবা কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকলে, দেরি না করে তার কাছে ক্ষমা চাওয়া এবং প্রাপ্য ফিরিয়ে দেওয়া প্রয়োজন। আর যদি সেই ব্যক্তি আর জীবিত না থাকেন, তাহলে তার জন্য দোয়া করা, সদকা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত।
প্রকৃত মুসলমান হতে হলে শুধু আল্লাহর হক আদায় করলেই চলবে না; মানুষের হক রক্ষার প্রতিও সমান যত্নবান হতে হবে। কারণ, বান্দার অধিকার আদায় ছাড়া পরিপূর্ণ সফলতা অর্জন সম্ভব নয়।


