
নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ
জোড়া শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর নতুন মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া চার সদস্যকে শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন। পরে রাষ্ট্রপতি হিসেবে তিনি মন্ত্রিসভার নতুন চার সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন।
বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানে প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে প্রবেশ করবেন। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনে আসবেন। পরে তাঁরা সবাই দরবার হলে প্রবেশ করবেন।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শুরুতে জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তিলাওয়াতের পর ভারপ্রাপ্ত স্পিকার রাষ্ট্রপতির শপথ পড়াবেন। অনুষ্ঠানে অংশ নিতে প্রায় দেড় হাজার আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বঙ্গভবনের প্রচলিত আনুষ্ঠানিকতা অনুযায়ী, শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি শপথ বইয়ে স্বাক্ষর করবেন। এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল পাশাপাশি দুটি চেয়ারে বসবেন। স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষ হলে মাঝের চেয়ারে বসবেন মির্জা ফখরুল। তখন থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর দুই পাশে থাকবেন হাফিজ উদ্দিন আহমদ ও কায়সার কামাল।
শপথ অনুষ্ঠান শেষে আবারও জাতীয় সংগীত পরিবেশন করা হবে। পরে অতিথিদের জন্য আপ্যায়নের আয়োজন থাকবে।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী এরপর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তৎকালীন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে ডেপুটি স্পিকার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব নেন।
গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনের সভাকক্ষে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। এতে ২৫৫ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।
রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরই মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হতে যাওয়া চার সদস্যকে শপথ পড়াবেন মির্জা ফখরুল। তাঁদের মধ্যে তিনজন পূর্ণমন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী। তাঁদের জন্য সরকারি গাড়িও প্রস্তুত রাখা হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি।


