
বিশেষ প্রতিনিধি, চেতনা একুশ
জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সেবামুখী ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ এবং আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সততা, সাহসিকতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করবেন, তাদের যথাযথভাবে সম্মানিত করা হবে। একই সঙ্গে যারা আইন ও বিধি লঙ্ঘন করবেন, জনসেবায় বাধা সৃষ্টি করবেন বা কোনো ধরনের অনিয়মে জড়াবেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী সাম্প্রতিক নানা বিষয়েও বক্তব্য দেন। মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো ধর্মীয় উৎসব বা রথযাত্রাকে লক্ষ্য করে স্থাপন করা হয়েছে—এমন ধারণার পক্ষে কোনো তথ্যপ্রমাণ নেই। তিনি জানান, ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত সেটি নিষ্ক্রিয় করেছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের বিধান অনুযায়ী তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছে এবং তা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রাপ্য সাংবিধানিক নিরাপত্তা সুবিধা বহাল থাকবে। আইন অনুযায়ী তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং পুলিশের সমন্বয়ে পূর্ণাঙ্গ নিরাপত্তা প্রদান করা হচ্ছে।
এ বছর পুলিশ সপ্তাহে পদক প্রদান অনুষ্ঠান না হওয়ার কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে প্রস্তুত করা তালিকায় কিছু কারিগরি ত্রুটি ও অসঙ্গতি ধরা পড়েছে। সেগুলো যাচাই-বাছাই শেষে যোগ্য সদস্যদের একটি নির্ভুল তালিকার ভিত্তিতে দ্রুত পদক প্রদান করা হবে।
অনুষ্ঠানে সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ দুটি পৃথক ঘটনার জন্য মোট নয়জন পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং ঢাকা রেলওয়ে থানার যৌথ উদ্যোগে মাত্র ৩০ মিনিটের মধ্যে এক প্রবাসীর হারিয়ে যাওয়া পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করায় সাতজন পুলিশ সদস্য পুরস্কৃত হন। এছাড়া ছিনতাইকারী গ্রেপ্তারে সাহসিকতার পরিচয় দেওয়ায় ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক মিরপুর বিভাগের দুই সার্জেন্টকেও সম্মাননা প্রদান করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


