Skip to main content

Chetona Ekush

, ,

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫ পর্যটক; বাড়তে পারে প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আগুনে রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিহত ব্যক্তিরা সবাই পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে রিসোর্টটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একপর্যায়ে পুরো স্থাপনা আগুনে পুড়ে যায়।

ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আগুনে তাঁদের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই রিসোর্টটিতে উদ্ধার অভিযান শুরু হয়। ধ্বংসস্তূপের ভেতরে আরও কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা।

এদিকে অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে রিসোর্টটির কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষ হলে হতাহতের প্রকৃত সংখ্যা ও আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ