
দেশের প্রশাসনিক কাঠামো আরও কার্যকর ও জনবান্ধব করতে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় নতুন পাঁচটি উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বগুড়া পৌরসভা এখন থেকে সিটি করপোরেশন হিসেবে পরিচালিত হবে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চার জেলার পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন অনুমোদিত উপজেলাগুলো হলো— বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিভক্ত করে ‘মোকামতলা’ উপজেলা, কক্সবাজারের চকরিয়া উপজেলা বিভক্ত করে ‘মাতামুহুরী’ উপজেলা, ঠাকুরগাঁও সদর উপজেলা বিভক্ত করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ উপজেলা এবং লক্ষীপুর সদর উপজেলা বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।
সভায় জানানো হয়, নতুন সিটি করপোরেশন ও উপজেলাগুলো চালু হলে স্থানীয় প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে নাগরিক সেবার মান বাড়বে এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
নিকার বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
রিপোর্ট : নাসরিন বেগম


