Skip to main content

Chetona Ekush

, ,

আদালত অবমাননার অভিযোগ: ব্যারিস্টার ফুয়াদকে ৪ নভেম্বর ট্রাইব্যুনালে তলব

নিজস্ব প্রতিবেদক। চেতনা একুশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে আপত্তিকর ও প্রশ্নবিদ্ধ মন্তব্য করার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত অবমাননার অভিযোগে আগামী ৪ নভেম্বর তাকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মোঃ গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, সম্প্রতি এবি পার্টির একটি রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকার্যক্রম ও বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ওই অনুষ্ঠানে তিনি বিচারপ্রক্রিয়ায় ‘বস্তায় ভরে ভরে কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন। তার এ বক্তব্যকে কেন্দ্র করেই আদালত অবমাননার বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসে।

বক্তব্যটি পর্যালোচনার পর ট্রাইব্যুনাল বিষয়টি আমলে নিয়ে তাকে হাজির হওয়ার নির্দেশ দেন। আগামী ৪ নভেম্বর নির্ধারিত দিনে সশরীরে উপস্থিত হয়ে তার মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে তাকে।

এ বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম গণমাধ্যমকে জানান, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে আগামী ৪ নভেম্বর ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে তার বক্তব্যের সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন তিনি উপস্থিত হয়ে নিজের বক্তব্যের বিষয়ে অবস্থান তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ও বিভিন্ন রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি এবং বিভ্রান্তিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে এর আগেও দুই আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়েছিল।

বিচারপ্রক্রিয়ার মর্যাদা, বিচার বিভাগের ভাবমূর্তি এবং আদালতের আইনগত শৃঙ্খলা রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের মন্তব্যের বিষয়ে ট্রাইব্যুনাল সতর্ক অবস্থান বজায় রাখছে। এবি পার্টির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নেওয়া সর্বশেষ এ পদক্ষেপও সেই ধারাবাহিকতার অংশ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ